পিরোজপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৪:০৮ পিএম
পিরোজপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : প্রতিনিধি

পিরোজপুর: পিরোজপুরে কিশোরী ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন এক জেলা ও দায়রা জজ আদালত। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন- জেলার ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মো. হামেদ হাওলাদারের ছেলে মোঃ.সুমন হাওলাদার (২৬)। 

আদালত সূত্রে জানা যায়, ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের আ. আজিজ হাওলাদারের মেয়ে সুমনা আক্তার (ছদ্মনাম)। সে একই গ্রামের জুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সুমনার পিতা-মাতার সাথে সম্পর্ক না থাকায় সে একই গ্রামে তার মামা বাড়ীতে থেকে লেখা-পড়া করতো। ভুক্তভোগী স্কুলে আসা-যাওয়ার পথে দন্ডপ্রাপ্ত আসামি প্রায়ই তাকে উত্যক্ত করতো।

২০১৮ সালের ৩ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল ছুটি হলে আসামি সুমন তাকে জোরপূর্বক ওই গ্রামের জনৈক ফিরোজ পাহলোয়ানের খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। সে বাড়ি ফিরে তার মামাকে ঘটনাটি বললে বিষয়টি স্থানীয়রা মিমাংশার আশ্বাস দিলেও ভিকটিমের মামা তাতে রাজী না হয়ে ১৬ মার্চ সুমন হাওলাদারকে আসামি করে ভান্ডারিয়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলার তদন্ত প্রক্রিয়া শেষে ৬ জনের সাক্ষ্য প্রমাণে আসামি দোষী সাব্যস্ত হলে আদালত ওই রায় দেন।

এ বিষয়ে নারী-শিশু পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার বলেন, দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালত যে রায় প্রদান করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী-শিশু পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার শাহজাহান এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

পিএস

Link copied!