পায়রা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রাম

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৩:০৮ পিএম
পায়রা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রাম

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া সংলগ্ন পায়রা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে বাঁধ সংলগ্ন নিশান বাড়িয়া ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পায়রা নদীর জোয়ারের পানির প্রবল চাপে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া সংলগ্ন পায়রা নদীর বেড়িবাঁধের প্রায় ১০৫ মিটার অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বাঁধের কিছু অংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হতে শুরু করেছে।

স্থানীয়রা বলেন,  দ্রুত সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে বাঁধটি ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়বে। বাঁধটি ভেঙে গেলে নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ ১৫টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি এবং মাছের ঘের ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার বলেন, প্রতি বছরই বাঁধ মেরামত হয়, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। এবার যেভাবে ফাটল ধরেছে, আমরা এখন আতঙ্কে রাতে ঘুমাতে পারছি না। যেকোনো সময় বাঁধ ভেঙে পানি ঢুকে পড়তে পারে। তাই দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানাই।

স্থানীয় বাসিন্দা সেলিম মাতুব্বর বলেন, টানা বৃষ্টি আর জোয়ারের পানির চাপে বেড়িবাঁধের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ইতিমধ্যে বাঁধের কিছু অংশ নদীতে বিলীন হতে শুরু করেছে। আমরা পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। যেকোনো সময় বাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত হতে পারে। তাই দ্রুত জরুরি ভিত্তিতে টেকসই সংস্কারের দাবি। 

এ বিষয়ে তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বেড়িবাঁধে ফাটলের বিষয়টি আমরা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে রিং বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

পিএস

Link copied!