ছবি : প্রতিনিধি
বরিশাল: বরিশালের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. খায়রুল আলম সুমনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন একদল নারী-পুরুষ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২ টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। অর্ধশতাধিক নারী-পুরুষ ঝাড়ু হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভকারীদের দাবি, কীর্তনখোলা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে তারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং অনেকেই বর্তমানে পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন। তাদের অভিযোগ, বহুবার জেলা প্রশাসনের কাছে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আবেদন করলেও তারা কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। এ কারণে ক্ষোভ প্রকাশ করতে তারা ঝাড়ু মিছিলের আয়োজন করেছেন।
বিক্ষোভকারী বলেন, আমরা বারবার জেলা প্রশাসকের কাছে গিয়েছি। আমাদের দুর্দশার কথা জানিয়েছি। কিন্তু কোনো সহায়তা পাইনি। তাই আমরা আমাদের ক্ষোভ জানাতে এখানে এসেছি।
বিক্ষোভ চলাকালে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অতিরিক্ত সতর্কতা লক্ষ্য করা যায়। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।
এদিকে বিক্ষোভকারীরা সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ তুললেও এ বিষয়ে তারা কোনো তথ্য-প্রমাণ প্রকাশ করেননি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাবেক জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিক্ষোভকারীরা তাদের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
পিএস
আপনার মতামত লিখুন :