শিশুর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

  • গাজীপুর প্রতিনিধ | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৯:০৩ পিএম
শিশুর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

ছবি: প্রতীকী

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং গোপনে ওষুধ খাইয়ে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চাচাতো ভাইসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা-পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রায় ছয় বছর আগে তার বাবা মারা যান। মা ও বড় বোন একটি প্রতিষ্ঠানে চাকরি করায় শিশুটি দিনের অধিকাংশ সময় বাড়িতে একা থাকত। সেই সুযোগে গত মে মাসে শিশুটিকে ফুসলিয়ে পুরোনো বাড়িতে নিয়ে প্রথম ধর্ষণ করেন তার চাচাতো ভাই। পরবর্তীতে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে অন্যান্য আসামিরাও বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

সম্প্রতি শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি টের পেয়ে অভিযুক্ত চাচাতো ভাই গোপনে ওষুধ এনে তাকে খাওয়ায়। এর ফলে বুধবার ভোররাতে শিশুটির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং গর্ভপাত ঘটে। যন্ত্রণার মুখে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা প্রকাশ করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বজনেরা তাকে দ্রুত প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। মামলার মূল চার নম্বর আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এসএইচ 

Link copied!