ডেঙ্গু আর হাম উপসর্গে একদিন প্রাণ গেল ১০ জনের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৫:১৮ পিএম
ডেঙ্গু আর হাম উপসর্গে একদিন প্রাণ গেল ১০ জনের

ফাইল ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গু আর হাম উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের আর হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে: গত ২৪ ঘণ্টায় রোগটিতে ছয়জনের মৃত্যু ছাড়াও এই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন আক্রান্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২০, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৮৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২১০, খুলনা বিভাগে ২৪৮, ময়মনসিংহ বিভাগে ১‌১০ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, রংপুর বিভাগে ৯৯ এবং সিলেট বিভাগে ১৪ জন রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৭৯ হাজার ৬২০ জন।

হাম ও উপসর্গ: চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৭ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে ১২৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৫২০ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯১ হাজার ৭৩১ জনে।

পিএস

Link copied!