উত্তর উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে হামলার দাবি ইরানের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৩:১৭ পিএম
উত্তর উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে হামলার দাবি ইরানের

ছবি : সংগৃহীত

ঢাকা: উত্তর উপসাগরে একটি মার্কিন ট্যাঙ্কারে আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদন এই হামলার তথ্য প্রকাশ করা হয়েছে। 

আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক–বাণিজ্যিক জাহাজকে এই পথে চলাচল করতে দেওয়া হবে না।

আইআরজিসি বলেছে, ‘এ ধরনের কোনো জাহাজ দেখা গেলে অবশ্যই তা লক্ষ্য করে আঘাত হানা হবে।’

আইআরজিসি আরও বলেছে, তারা আগেই জানিয়েছিল যে, আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধের সময়ে হরমুজ প্রণালিতে যাতায়াত নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের রয়েছে।

এদিকে কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় অবস্থানরত বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক এই তথ্য জানিয়েছেন।

এর আগে দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের ‘সতর্কতামূলক ব্যবস্থার’ অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছিল কাতার।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাস হামলার শিকার হয়। এ ছাড়া দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও হামলা হয়েছে।

পিএস

Link copied!