ইসরায়েলে ‘ক্লাস্টার’ মিসাইল ছুড়েছে ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০২:১০ পিএম
ইসরায়েলে ‘ক্লাস্টার’ মিসাইল ছুড়েছে ইরান

ছবি : সংগৃহীত

ঢাকা: এবার ইসরায়েলে শক্তিশালী ‘ক্লাস্টার’ মিসাইল ছুড়েছে ইরান। ইরানের ছোড়া এই ‘ক্লাস্টার’ মিসাইল ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিসাইলটির আঘাতের দৃশ্য দেখা গেছে। টাইমস অব ইসরায়েল এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সতর্কবার্তায় জানিয়েছিল, ইরান ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারে। মধ্যাঞ্চলে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি সেই সতর্কবার্তার সত্যতা প্রমাণ করেছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ক্লাস্টার মিসাইল সাধারণ ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি বিধ্বংসী। এ ধরনের মিসাইলের ভেতরে একাধিক ছোট বোমা বা সাব-মিউনিশন থাকে। মিসাইলটি লক্ষ্যবস্তুর দিকে নেমে আসার সময় মাঝ আকাশেই এটি ২০টি বা তারও বেশি ছোট অংশে বিভক্ত হয়ে যায়।

প্রতিটি ছোট অংশে প্রায় আড়াই কেজি করে বিস্ফোরক থাকে। এসব বোমা প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আঘাত হানতে পারে। ফলে একক লক্ষ্যবস্তুর পরিবর্তে বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম এ ধরনের মিসাইল।

ইসরায়েলের মধ্যাঞ্চলে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি আইডিএফ। তবে ক্লাস্টার মিসাইল ব্যবহারের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পিএস

Link copied!