ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর সরকার গঠন ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। এ পরিস্থিতিতে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান জোহো'র সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠতার সমীকরণ অত্যন্ত জটিল হয়ে পড়েছে এবং যেকোনো সরকারই অস্থিরতার মুখে পড়তে পারে। তার মতে, রাষ্ট্রপতি শাসন জারি করে কঠোরভাবে “টাকায় ভোট কেনা” বন্ধ নিশ্চিত করার পর নতুন নির্বাচন আয়োজন করা উচিত।
ভেম্বু দাবি করেন, নতুন নির্বাচন হলে অভিনেতা-রাজনীতিক বিজয়–এর দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) বড় ব্যবধানে জয় পেতে পারে। তিনি আরও বলেন, ডিএমকে ও এআইএডিএমকে চাইলে একজোট হয়ে নির্বাচন করতে পারে, আর বিজেপিরও আলাদাভাবে ভোটে অংশ নেওয়া উচিত।
মাত্র দুই বছর আগে গঠিত টিভিকে এবারের নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে দলটি এখনও ১০ আসন পিছিয়ে রয়েছে।
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে বিজয় ইতোমধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভিসিকে, সিপিআই ও সিপিএমের সমর্থন চেয়েছেন। পাশাপাশি বিজেপির মিত্র দল পিএমকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, টিভিকের প্রতিনিধিরা এআইএডিএমকে প্রধান এডাপ্পাডি কে পলানিস্বামী–এর সঙ্গেও বৈঠক করেছেন।
অন্যদিকে কংগ্রেস জানিয়েছে, কোনো “সাম্প্রদায়িক শক্তি” জোটে না থাকলে তারা বিজয়কে সমর্থন দিতে প্রস্তুত। তবে অন্যান্য দল এখনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি।
বুধবার রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার–এর সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানিয়েছেন বিজয়। তবে গভর্নর এখনো সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাননি। রাজনৈতিক সূত্রগুলোর ধারণা, প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে টিভিকের আরও সময় লাগতে পারে।
এম
আপনার মতামত লিখুন :