ইসরায়েলের অ্যারোস্পেস সদরদপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:২৮ পিএম
ইসরায়েলের অ্যারোস্পেস সদরদপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

ছবি : সংগৃহীত

ঢাকা: ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তর ড্রোন হামলা চালিয়েছে  লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া ড্রোন নিয়ন্ত্রণকারী সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত আইএআইর সদরদপ্তরে ড্রোন হামলা চালানো হয়। ইরানপন্থী লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ‘ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের’ জবাবে রাত ২টার দিকে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত আইএআই সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন পাঠানো হয়।

পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ভোরের কিছু আগে উত্তর ইসরায়েলের একটি ‘ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি’ লক্ষ্য করে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমসহ বিভিন্ন ধরনের সামরিক ও বেসামরিক পণ্য উৎপাদন করে থাকে। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

পিএস

Link copied!