সোনার দাম বেড়েছে

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৮:০০ পিএম
সোনার দাম বেড়েছে

ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক বাজারে সোমবার সোনার দাম বেড়েছে। দুর্বল মার্কিন ডলার এবং আগামী মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশা কমে যাওয়ায় সোনার দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

সোমবার স্পট মার্কেটে সোনার দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৯৮ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। গত সপ্তাহে সোনার দাম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

এদিকে, ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৫৫ দশমিক ৫০ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন ডলার সূচক ০.২ শতাংশ কমেছে। ডলারের দর কমে যাওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে সোনা তুলনামূলকভাবে সস্তা হয়েছে।

সেজো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজির প্রধান ওলে হ্যানসেন বলেন, মূল্যস্ফীতি, কর্মসংস্থান ও ভোক্তা-সংক্রান্ত দুর্বল তথ্য ফেডের আরেক দফা সুদের হার বাড়ানোর ঝুঁকি কমিয়ে দিচ্ছে। এতে শেষ পর্যন্ত ফেডের পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুদের হার কমানোর দিকে যেতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য প্রত্যাশার তুলনায় দুর্বল এবং ভোক্তা মূল্যস্ফীতির তথ্য নিয়ন্ত্রিত থাকায় সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমেছে। CME-এর FedWatch Tool অনুযায়ী, সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৩১ শতাংশ, যা এক মাস আগে ছিল ৫১ শতাংশ।

সোনা কোনো সুদ দেয় না। ফলে সুদের হার কমার প্রত্যাশা বাড়লে সাধারণত সোনায় বিনিয়োগের আকর্ষণ বাড়ে।

বিনিয়োগকারীরা এখন ফেডের জুলাইয়ের বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন। বুধবার প্রকাশিতব্য ওই কার্যবিবরণীতে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে আরও ইঙ্গিত পাওয়া যেতে পারে।

এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ১.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৫ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০.৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৯ দশমিক ৭২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩৩ দশমিক ২৫ ডলারে উঠেছে।

পিএস

Link copied!