আর এস ফাহিম নিয়ে ভয়ংকর তথ্য, অবশেষে আটক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৭:২৬ পিএম
আর এস ফাহিম নিয়ে ভয়ংকর তথ্য, অবশেষে আটক

ফাইল ছবি

রাজধানীর মিরপুরে জনতার হাতে আটকের পর আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে পুলিশ হেফাজতে নিয়েছে। রোববার বিকেলে মিরপুর চিড়িয়াখানার সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে শাহ আলী থানা পুলিশ তাকে সেখান থেকে নিয়ে যায়।

পুলিশ জানায়, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা আগে থেকেই তাকে ঘিরে আটকে রেখেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে জুলাই মাসের বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক মামলার তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিমকে এলাকায় দেখতে পেয়ে ছাত্র-জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে তার ভূমিকা নিয়ে আগের বিতর্কের জেরে সেখানে স্লোগান ও বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে তীব্র রূপ নেয়।

আটকের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ফাহিম দাবি করেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মব’ তৈরি করে টার্গেট করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় এবং একদিন সত্য প্রকাশ পাবে।

আর এস ফাহিম, যার প্রকৃত নাম কামরুল হাসান চৌধুরী, দেশের পরিচিত স্টান্ট রাইডার ও কনটেন্ট ক্রিয়েটরদের একজন। কুমিল্লার চৌদ্দগ্রামে জন্ম নেওয়া ফাহিম ঢাকার মোহাম্মদপুরে বেড়ে ওঠেন। সাইকেল স্টান্ট দিয়ে যাত্রা শুরু করে ২০১৫ সালে ইউটিউব চ্যানেল খোলার পর ধীরে ধীরে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান।

তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে তার বিরুদ্ধে নানা সমালোচনা সামনে আসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে যে তিনি অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের বিপক্ষে ভূমিকা রেখেছেন। এসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, তিনি বরং আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং বিভিন্নভাবে সহায়তা করেছেন।

বিতর্কের মধ্যেই তিনি কিছুদিন আড়ালে চলে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও স্টোরিতে পরিবারসহ দেশ ছাড়ার ইঙ্গিত দেন এবং মালয়েশিয়ায় যাওয়ার কথাও জানান। সেখানে নতুন জীবনের সূচনার নানা মুহূর্ত শেয়ার করেন তিনি।

ফাহিমকে ঘিরে পুরোনো বিভিন্ন অভিযোগও নতুন করে সামনে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এসএইচ 


 

Link copied!