পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০২:১৮ পিএম
পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

ফাইল ছবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন নির্ধারণ ও হিসাব গোছানোর কাজ দ্রুত সম্পন্ন করতে মাঠে নেমেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর অংশ হিসেবে অধিদপ্তরের অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ হিসাব চেয়েছে তারা। আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্দিষ্ট ছকে এসব তথ্য পাঠাতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার মাউশি অধিদপ্তর থেকে এই সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

নির্দেশনায় জানানো হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এতে অধিকতর স্বচ্ছতা আনতে আইবাস প্লাস প্লাসের অর্গানোগ্রাম সাব-মডিউলের ডাটাবেজে প্রতিষ্ঠানওয়ারি জনবলের পূর্ণাঙ্গ তথ্য-পদ বা পদবি, মূল গ্রেড ও পদসংখ্যা—এন্ট্রির কাজ চলছে। সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করতে আইবাস প্লাস প্লাসের পে ফিক্সেশন সাব-সিস্টেমে জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এনাম কমিশনের পরে সৃষ্ট পদসমূহ অর্গানোগ্রাম সাব-মডিউলে এন্ট্রি করতে হবে। এজন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানওয়ারি জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে। তথ্যের হার্ড কপি মাউশির ঢাকার মানবসম্পদ ব্যবস্থাপনা শাখার উপপরিচালকের দপ্তরে এবং সফট কপি নিকোষ ফন্টে ওয়ার্ড ডকুমেন্টে নির্দিষ্ট ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, বাংলায় ও ইংরেজিতে পদের নাম, পদের মূল গ্রেড, পদসংখ্যা এবং মন্তব্য সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

এসএইচ 

Link copied!