ফাইল ছবি
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ঘিরে আর্থিক শৃঙ্খলা ও বাস্তবায়ন সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, ঋণনির্ভর বাজেট ভবিষ্যতে দেশের আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রস্তাবিত বাজেটে বৈদেশিক ঋণের ওপর তুলনামূলক বেশি নির্ভরতা রয়েছে। পাশাপাশি বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে, যা ভবিষ্যতে আর্থিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করতে পারে। তাঁর মতে, বাজেটের সাফল্য মূলত নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর।
তিনি আরও বলেন, বাজেটে মানবিক অর্থনীতি গড়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে যুব সমাজ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণির জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা ইতিবাচক দিক হিসেবে দেখা যায়। তবে এসব নীতিগত অগ্রাধিকারের বাস্তবায়নের জন্য যে আর্থিক কাঠামো প্রয়োজন, তা এখনো যথেষ্ট শক্তিশালী নয়।
এই অর্থনীতিবিদ বলেন, বাজেটে উদারীকরণ, মানবিক অর্থনীতি গঠন এবং ডিজিটাল অন্তর্ভুক্তির মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এসব লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় আর্থিক ভিত্তি দুর্বল হওয়ায় বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
তিনি আরও বলেন, বাজেটে বৈদেশিক ঋণনির্ভরতা এবং বড় আকারের থোক বরাদ্দ ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে সরকারের দক্ষতা ও বাস্তবায়ন সক্ষমতার ওপর।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে সরকার কতটা কার্যকরভাবে এই বাজেট বাস্তবায়ন করতে পারে, সেটিই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :