অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই, চলবে সমন্বিত অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ১২:১৬ পিএম
অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই, চলবে সমন্বিত অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে আনসারও সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপারেশন ক্লিন হার্ট চালানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট করেছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তেজগাঁওয়ে আনসার সদর দপ্তরের ফলক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজিত হয় তেজগাঁওয়ে আনসারের স্থায়ী সদর দপ্তরের নির্ধারিত স্থানে। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনসার সদর দপ্তরের স্থায়ী ঠিকানার জন্য তেজগাঁওয়ে প্রায় ৩ দশমিক ৪৫ একর বা ১১ বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়েছে। আনসারের জন্য একটি পরিকল্পিত জায়গায় সদর দপ্তর স্থাপনের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল, এর মধ্য দিয়ে তা পূরণ হলো।

অভিযান ও নিরাপত্তার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে অভিযান পরিচালনার পরিকল্পনা করছে এবং সেখানে আনসার ব্যাটালিয়নও যুক্ত থাকবে। তবে এটিকে নতুন কোনো বাহিনী গঠনের পরিকল্পনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটি সরকারের নিয়মিত কাজের অংশ। অপরাধ দমন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে যে সমন্বয় থাকে, তা সামনে আরো জোরদার করা হবে।

ডিসেম্বর মাস ঘিরে দেশের ভেতরে কোনো অস্থিরতার আশঙ্কা রয়েছে কি না-এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এই পবিত্র ও গৌরবের মাসে কোনো অপশক্তি দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন না।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো কোনো সদস্যের বিরুদ্ধে আগের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে নাশকতার চক্রান্তে জড়ানোর যে অভিযোগ উঠছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলার কোনো বিষয় নজরে এলেই তা নিয়ে তদন্ত করা হচ্ছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু প্রত্যাহার করেই ক্ষান্ত হওয়া হচ্ছে না; নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধের মাত্রা অনুযায়ী ফৌজদারি আইনে অভিযোগ এনে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এসএইচ 

Link copied!