• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দায়িত্ব শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় আছেন?


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:০৯ পিএম
দায়িত্ব শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় আছেন?

ফাইল ছবি

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দেড় বছর দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকারের মেয়াদ শেষ হয়েছে। দায়িত্ব শেষ করে উপদেষ্টাদের অনেকেই এখন নিজ নিজ পেশা ও কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন। ইতিমধ্যে বেশিরভাগ উপদেষ্টা সরকারি বাসভবন ছেড়েছেন, কেউ কেউ ছাড়ার প্রক্রিয়ায় রয়েছেন, আবার কয়েকজন এখনও সরকারি বাংলো বা অ্যাপার্টমেন্টে অবস্থান করছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এখনো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। তবে সরকারের দায়িত্ব শেষ করে তিনি যোগ দিয়েছেন ইউনূস সেন্টার–এ। চলতি মাসের শেষ দিন যমুনা ছেড়ে গুলশানে নিজ বাসভবনে ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আলোচিত-সমালোচিত সাবেক উপদেষ্টা আসিফ নজরুল দায়িত্ব পালনকালে ৩৫ হেয়ার রোডের সরকারি বাসায় থাকতেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের আগের বাসায় উঠেছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশীদ এখনও সরকারি বাসায় রয়েছেন।

গণপূর্ত অধিদপ্তরের নথি অনুযায়ী, অধিকাংশ উপদেষ্টা সরকারি বাসা ছেড়ে দিয়েছেন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এখনও মিন্টো রোডের ৪ নম্বর বাসায় অবস্থান করছেন। ৩৫ মিন্টো রোডের বাসায় রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন আছেন মিন্টো রোডের ৫ নম্বর বাসায় এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরার রয়েছেন ৩৪ মিন্টো রোডে।

সরকারি আবাসন পরিদপ্তর সূত্র জানায়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ফরিদা আখতার, এম সাখাওয়াত হোসেন ও মোস্তফা সরয়ার ফারুকী সরকারি বাসার সুবিধা নেননি; তাঁরা ঢাকায় নিজ নিজ বাসভবনেই ছিলেন।

দায়িত্ব শেষে অনেকেই পুরোনো কর্মজীবনে ফিরেছেন। ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)–তে আবারও কাজ শুরু করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তিনি আগামী দিনে লেখালেখি ও শিক্ষকতায় মনোযোগ দেবেন।

সরকারি দায়িত্বের পর উপদেষ্টাদের এই প্রত্যাবর্তন প্রশাসনিক অধ্যায়ের সমাপ্তি টানলেও তাঁদের ব্যক্তিগত ও পেশাগত অধ্যায়ে শুরু হয়েছে নতুন পর্ব।

এসএইচ

Wordbridge School
Link copied!