• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সংবিধানের পথেই সরকার চলবে, জোর করে কিছু চাপানো হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০২৬, ০৮:৫০ পিএম
সংবিধানের পথেই সরকার চলবে, জোর করে কিছু চাপানো হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই সরকার পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও সব কার্যক্রম সংবিধানের কাঠামোর মধ্য দিয়েই এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো বিষয় জবরদস্তি করে চাপিয়ে দেওয়া হবে না; রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার গঠন থেকে শুরু করে রাষ্ট্রীয় সব কার্যক্রম সংবিধানের বিধান অনুসরণ করেই পরিচালিত হচ্ছে। কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে আলাদা শপথ নেওয়ার মতো বক্তব্য দেওয়া হলেও এসব দাবি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি ‘জুলাই সনদ’ পুরোপুরি অস্বীকার করে না। তবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যতটুকু সমঝোতা হয়েছে, কেবল ততটুকুই বাস্তবায়ন করা হবে। কোনো সিদ্ধান্তই চাপিয়ে দেওয়া হবে না।

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদের অধিবেশনেই নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি সংসদের প্রথম অধিবেশনে মোট ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপনের কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গণভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত সংসদেই হবে। প্রথমে সংসদে বিষয়গুলো উত্থাপন করা হবে, এরপর প্রয়োজন হলে গণভোটের প্রশ্ন বিবেচনায় আসতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আলোচনার মাধ্যমেই হতে হবে। সব রাজনৈতিক পক্ষের মতামত ও ঐকমত্যের ভিত্তিতেই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এম

Wordbridge School
Link copied!