• ঢাকা
  • রবিবার, ০২ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মেসির ফেরার ম্যাচে কাসেমিরোর আত্মঘাতী


ক্রীড়া ডেস্ক আগস্ট ২, ২০২৬, ১০:৫২ এএম
মেসির ফেরার ম্যাচে কাসেমিরোর আত্মঘাতী

ঢাকা: স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালের বিষাদ ভুলে প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। তবে তাঁর প্রত্যাবর্তনের ম্যাচটি সুখকর হতে দিল না কলম্বাস ক্রু। মেজর লিগ সকারের (এমএলএস) রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টার মায়ামিকে তাদের মাঠেই রুখে (২-২ ড্র) দিয়েছে অতিথিরা।

হোম গ্রাউন্ড ‘নু স্টেডিয়ামে’ অনুষ্ঠিত এই ম্যাচে ৫৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর সঙ্গে একাদশে ফিরেই আলো ছড়ান জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দে পল। ম্যাচে মেসি জালের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দুটি চমৎকার সুযোগ তৈরি করেছিলেন, যার একটি যোগ করা সময়ে একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

মেসির অনুপস্থিতিতে মিয়ামির আক্রমণের হাল ধরেন লুইস সুয়ারেজ। বিশ্বকাপের বিরতির পর টানা তৃতীয় ম্যাচে গোল করে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন এই উরুগুয়ান ফরোয়ার্ড।

১৬তম মিনিটে মাঝমাঠ থেকে ইয়ানিক ব্রাইট বল কেড়ে নিয়ে পাস দিলে, কলম্বাস গোলরক্ষক প্যাট্রিক শুল্টকে একটু বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ দূর থেকেই নিখুঁত লফটেড শটে বল জালে পাঠান সুয়ারেজ। চলতি মৌসুমে এটি তাঁর ১০ম গোল আর ম্যাচে সপ্তম।

৩৪তম মিনিটে আত্মঘাতী গোলের খেসারত দেয় মিয়ামি। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো ঘরের মাঠে অভিষেক ম্যাচে হুগো পিকার্ডের গোলমুখো শট বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে বল জড়িয়ে দেন।

প্রথমার্ধের যোগ করা সময় সুয়ারেজের চমৎকার ক্রস থেকে দারুণ হেডে মায়ামিকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে দেন নোয়াহ অ্যালেন। 

দ্বিতীয়ার্ধে মেসি ও ডি পলকে নিয়ে মায়ামি আক্রমণের পশরা সাজালেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়। এর সুযোগ নিয়ে ৮৪তম মিনিটে কলম্বাস ক্রুকে সমতায় ফেরান স্প্যানিশ তারকা ব্রাইস মেন্দেস। দুর্দান্ত এক ফ্রি-কিকে মিয়ামি গোলরক্ষক রোকো রিয়োস নোভোকে পরাস্ত করে সফরকারীদের ১ পয়েন্ট নিশ্চিত করেন তিনি।

এই ড্রয়ের ফলে ১৮ ম্যাচ শেষে ইন্টার মিয়ামির সংগ্রহ দাঁড়াল ৩৮ পয়েন্ট। লিগ টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিল এসসিকে (৪০ পয়েন্ট) স্পর্শ করার সুযোগ হাতছাড়া করল তারা। অন্যদিকে, ২০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফ দৌড়ে নিজেদের আশা বাঁচিয়ে রাখল কলম্বাস ক্রু।

এসআই

Link copied!