• ঢাকা
  • শনিবার, ০৮ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কওমি শিক্ষার্থীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: ড. আহমদ আবদুল কাদের


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৮, ২০২৬, ০৫:৫৯ পিএম
কওমি শিক্ষার্থীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: ড. আহমদ আবদুল কাদের

ফাইল ছবি

কওমি শিক্ষার্থীদের বাদ দিয়ে দেশের সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নতি নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। দ্রুততম সময়ের মধ্যে কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় জীবনের সব ক্ষেত্রে এই শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী ছাত্র মজলিস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা খাতের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকিরের সঞ্চালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ড. আহমদ আবদুল কাদের বলেন, কওমি মাদরাসার ছাত্ররা দেশের জন্য এক বিরাট সম্পদ। উপযুক্ত সুযোগ তৈরি করে তাদের মাধ্যমে গোটা জাতিকে উপকৃত করার ব্যবস্থা করতে হবে। দেশের প্রচলিত শিক্ষিত সমাজের একাংশের মধ্যে নৈতিকতার যে ঘাটতি পরিলক্ষিত হয়, তা যথাযথ ধর্মীয় শিক্ষার অভাবেরই ফল। তাই পুরো শিক্ষানীতি ঢেলে সাজিয়ে সব স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান তিনি।

শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর জোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, বাজেট বাড়িয়ে শিক্ষা সবার জন্য সহজলভ্য না করলে জাতিগত উন্নয়ন সম্ভব নয়। এ সময় ক্যাম্পাসে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ডের আস্ফালন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুফতি গোলাম রব্বানী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট একেএম বদরুদ্দোজা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা। সভায় বক্তারা ইসলামী ছাত্র মজলিস উত্থাপিত ১৩ দফা যৌক্তিক দাবি অবিলম্বে পূরণের জোর তাগিদ দেন।

এসএইচ 

Link copied!