• ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দ্বিগুণ হচ্ছে পেনশন, গেজেট প্রকাশ কবে?


নিজস্ব প্রতিবেদক জুন ১৪, ২০২৬, ০৬:৪৩ পিএম
দ্বিগুণ হচ্ছে পেনশন, গেজেট প্রকাশ কবে?

ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর। বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে এই তথ্য নিশ্চিত করেছেন। চূড়ান্ত রূপরেখা অনুযায়ী, নতুন এই পে স্কেল একবারে নয়, বরং মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। 

তবে গেজেট প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা না হলেও জানানো হয়েছে যে, শিগগিরই এই গেজেট প্রকাশ করা হবে। এর জন্য যাবতীয় প্রস্তুতি ও রূপরেখা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের (বেসিক) বড়সড় পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। সাধারণ কর্মচারীদের মূল বেতন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা থাকলেও ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেসিকের শতভাগ অর্থাৎ দ্বিগুণ বেতন বৃদ্ধি করা হতে পারে বলে আলোচনা চলছে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবেই আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দেওয়া হচ্ছে।

নতুন সুপারিশে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে তিন স্তরে পেনশন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথম ধাপে যাদের মাসিক পেনশন ২০ হাজার টাকার কম, তাদের পেনশন ১০০ শতাংশ বা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় ধাপে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশন পান এমন ব্যক্তিদের ক্ষেত্রে ৭৫ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।তৃতীয় ধাপে মাসিক ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধি হতে পারে।

নতুন বেতন কাঠামোতে কেবল মূল বেতনই বাড়ছে না, বরং শিক্ষা, টিফিন ও বৈশাখী ভাতাতেও বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বৈশাখী ভাতা বর্তমানের মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে একলাফে ৫০ শতাংশ করার সুপারিশ এসেছে।টিফিন ভাতা: ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য টিফিন ভাতা বর্তমানের ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। শিক্ষা ভাতা: সন্তানদের মাসিক শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

এখন সব মহলের নজর রয়েছে চূড়ান্ত গেজেট প্রকাশের দিকে। গেজেটটি প্রকাশিত হলেই জানা যাবে এই সুবিধাগুলো ঠিক কবে থেকে পুরোপুরি হাতে পেতে যাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা।

এসএইচ 

Link copied!