• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান


নিজস্ব প্রতিবেদক জুন ১৬, ২০২৬, ০৫:৪০ পিএম
ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

ফাইল ছবি

নয়াদিল্লি বিমানবন্দরে দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, নয়াদিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্ত ছিল মূলত ওই ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদের অংশ। তিনি স্পষ্ট করে বলেন, আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গিয়েছি। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে, সেটির জন্য তাৎক্ষণিক একটা প্রতিবাদ করা দরকার ছিল। সে কারণেই আমি আসলে দেশে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও জানান, একটা পর্যায়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত কর্মকাণ্ড, সেটায় অংশগ্রহণ করি। কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে, দেশের আত্মসম্মানের স্বার্থে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা ও সিগনেচার থাকা দরকার।

দিল্লিতে সোমবার শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে ডা. জাহেদ উর রহমান গত রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই আন্তর্জাতিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কূটনৈতিক চিঠি দিয়ে আগে থেকেই সফরসূচি জানানোর পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা দেয় এবং দীর্ঘ সময় বসিয়ে রাখে।

পরবর্তীতে ভারতের উচ্চ মহলের নির্দেশে ইমিগ্রেশনের অনুমতি দেওয়া হলেও দেশের সম্মানের প্রশ্নে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে সম্পূর্ণ অস্বীকৃতি জানান এবং কলম্বো হয়ে তাৎক্ষণিকভাবে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। গতকাল সোমবার দুপু‌রে তিনি ঢাকায় এসে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ওই বৈঠকে উপদেষ্টার অংশ নেওয়ার বিষয়টি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল। ফলে বিমানবন্দরে এই আচরণ কোনোভাবেই কাম্য ছিল না।

গতকাল সোমবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ ঘটনাকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছে এবং সরকারের পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, পুরো ঘটনাটি গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনার জের ধরে ইতিমধ্যেই বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে ঢাকা।

এসএইচ 

Link copied!