ছবি : প্রতিনিধি
ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্যসেবাকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে। প্রতিটি থানায় এ ধরনের আই ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এসব কার্যক্রম নিয়মিত পরিচালনার বিষয়েও পরিকল্পনা গ্রহণ করা হবে।
রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও ডায়াবেটিস সমিতির আয়োজনে এবং নেপালের সহযোগিতায় চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যে ২৫০ শয্যার জেলা হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে। আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ অত্যন্ত উদ্যোগী ও পরিশ্রমী। যেসব মানুষ সহজে চক্ষু বিশেষজ্ঞের সেবা পান না, তাদের জন্য এ ধরনের ক্যাম্প একটি বড় সুযোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনআইএস-এর চেয়ারপার্সন অধ্যাপক ডা. চেতরাজ প্রান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ জেলার চিকিৎসক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকার অসহায় ও স্বল্প আয়ের মানুষের বিনামূল্যে চোখের পরীক্ষা, চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।
পিএস






































