ছবি : সংগৃহীত
ঢাকা: ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর পোশাক শিল্পঅঞ্চল মিরপুর। আজ রোববার (০১ নভেম্বর) সকাল ৯টা থেকে তৈরি পোশাক কারখানার হাজার হাজার শ্রমিক রাজপথে নেমে এলে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এতে মিরপুর-১০ গোল চত্ত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। মিরপুর ট্রাফিক বিভাগ বিকল্প রাস্তায় ড্রাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা।
তিনি বলেন, পোশাক শ্রমিকরা আজও সড়ক অবরোধ করেছেন। বর্তমানে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ড্রাইভারশন নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।
এর আগে গত বৃহস্পতিবার ও শনিবার প্রায় ৫ ঘণ্টা করে মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। তারা নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান। শনিবার অবরোধ শেষে বিভিন্ন গার্মেন্টস কারখানা ও শপিং মলেও ভাঙচুর চালান তারা।
এসআই







































