• ঢাকা
  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে স্কেল: যারা ৩ মাসের বকেয়া পাচ্ছেন না নভেম্বরেও


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩১, ২০২৬, ০২:৫৯ পিএম
পে স্কেল: যারা ৩ মাসের বকেয়া পাচ্ছেন না নভেম্বরেও

ফাইল ছবি

আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে নতুন বেতনকাঠামো বা পে স্কেলের আওতায় তিন মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পরিশোধের সরকারি প্রস্তুতি থাকলেও প্রশাসনিক জটিলতা ও অসংগতির কারণে তা সবার জন্য নিশ্চিত হচ্ছে না। বেতন নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারীকে আপাতত পুরোনো কাঠামোতেই বেতন নিতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। তাদের একটি বড় অংশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড প্রাপ্তির নিয়ম, বাড়িভাড়া ভাতা এবং পদোন্নতির পর আর্থিক সুবিধা নির্ধারণে একাধিক অসংগতি দেখা দিয়েছে। এর সঙ্গে সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++ (iBAS++) ব্যবস্থার বিভিন্ন জটিলতাও প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করছে।

এই প্রশাসনিক জটিলতা ও অসংগতি নিরসনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সুরাহা হয়নি। ১ নভেম্বরের আগে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

অর্থ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন তৈরি এবং বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদের অভিজ্ঞতার ঘাটতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে যেসব কর্মকর্তা-কর্মচারীর বেতন নির্ধারণের কাজ শেষ হয়নি, তাদের আপাতত আগের বেতনকাঠামো অনুযায়ীই বেতন দেওয়া হবে। পরবর্তীতে নতুন কাঠামো অনুযায়ী হিসাব চূড়ান্ত করে বর্ধিত বেতন ও বকেয়া অর্থ একসঙ্গে সমন্বয় করে পরিশোধ করা হবে।

এসএইচ 

Link copied!