• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মেসি-এমবাপ্পের ঝলকে জমে উঠেছে বিশ্বকাপ


ক্রীড়া ডেস্ক জুন ২৩, ২০২৬, ০৪:৫২ পিএম
মেসি-এমবাপ্পের ঝলকে জমে উঠেছে বিশ্বকাপ

ছবি : সংগৃহীত

ঢাকা: সম্প্রসারিত আকারের এবারের বিশ্বকাপে শুরু থেকেই আলো ছড়াচ্ছেন ফুটবলের বড় তারকারা। বিশেষ করে আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্টকে রঙিন করে তুলেছেন। পাশাপাশি নরওয়ের আরলিং হালান্ড, ইংল্যান্ডের হ্যারি কেইন এবং স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামালও নজর কাড়ছেন।

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই রেকর্ড গড়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। প্রায় ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল করেন। ফলে দুই ম্যাচ শেষে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে।

অন্যদিকে মেসির পথেই এগিয়ে চলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। সেনেগাল ও ইরাকের বিপক্ষে টানা দুই ম্যাচে চার গোল করে তিনি সর্বকালের তালিকায় মেসির খুব কাছাকাছি পৌঁছে গেছেন। কঠিন একটি মৌসুমের পর নতুন উদ্যমে মাঠে ফিরেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

স্পেনের ১৮ বছর বয়সী লামিনে ইয়ামালও আলোচনায় রয়েছেন। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে ফিরে গোল করেন তিনি। তার অনুপ্রেরণায় ৪-০ গোলের বড় জয় পায় স্পেন। ফুটবল বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হয়ে ওঠার সব সম্ভাবনাই রয়েছে ইয়ামালের।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমেই দারুণ ছন্দে রয়েছেন নরওয়ের আরলিং হালান্ড। ইরাক ও সেনেগালের বিপক্ষে দুই ম্যাচে চার গোল করে তিনি গোলদাতাদের তালিকায় শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের একজন হয়ে উঠেছেন। শুক্রবার গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও ফ্রান্স। সেই ম্যাচে হালান্ড ও এমবাপ্পের দ্বৈরথ বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।

এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ১০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন হ্যারি কেইন। এতে তিনি দেশটির কিংবদন্তি গ্যারি লিনেকারের সমতায় পৌঁছেছেন।

চার বছর আগের বিশ্বকাপেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি ও এমবাপ্পে। সেবার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এমবাপ্পে, তবে শিরোপা জিতেছিল মেসির আর্জেন্টিনা। এবারের আসরেও দুই তারকার নেতৃত্বে আর্জেন্টিনা ও ফ্রান্সকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

তবে টুর্নামেন্ট যত এগোচ্ছে, ততই নতুন নায়ক আবিষ্কারের সম্ভাবনাও বাড়ছে। ইয়ামাল কিংবা হালান্ডদের মতো তরুণ তারকারা বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন, যা বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

পিএস

Link copied!