• ঢাকা
  • শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রদ্রির অভিষেকে বিলবাওকে হারিয়ে বার্সার টানা দ্বিতীয় জয়


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৮, ২০২৬, ১০:৩০ এএম
রদ্রির অভিষেকে বিলবাওকে হারিয়ে বার্সার টানা দ্বিতীয় জয়

ছবি: সংগৃহীত

রদ্রির অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শিরোপাধারী বার্সেলোনা। সফরকারী অ্যাথলেতিক বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমন ও গোলপোস্ট বারবার বাধা হয়ে দাঁড়ালেও কাতালানদের থামানো যায়নি। আক্রমণের আধিপত্য বজায় রেখে দুই অর্ধে দুই গোল তুলে নেয় হান্সি ফ্লিকের দল।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকেরা। প্রথমার্ধে রাফিনিয়ার গোলে বার্সা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় অর্ধে ব্যবধান দ্বিগুণ করেন ফারমিন লোপেজ।

নতুন মৌসুমে লিগের প্রথম ম্যাচে এলচেকে ৫-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। চোটের কারণে সেই ম্যাচে না খেললেও ফিট হয়ে এই ম্যাচে স্কোয়াডে ফেরেন ব্যালন ডি’অর ও বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। প্রায় ৫৯ হাজার দর্শকের সামনে ম্যাচের ৬৩তম মিনিটে মার্ক বার্নালের বদলে মাঠে নামেন ম্যানচেস্টার সিটি থেকে বার্সায় যোগ দেওয়া এই তারকা।

বার্সেলোনায় যোগ দেওয়ার পর ঘরের মাঠে এটিই রদ্রির প্রথম ম্যাচ। এর আগে ২০১৯ সালে অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে এই মাঠে খেলেছিলেন তিনি। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ৩০ বছর বয়সী রদ্রি বলেন, "এই জয়ে আমি আনন্দিত। একটি দুর্দান্ত দলের সঙ্গে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করতে চাই। গ্রীষ্মটা বেশ উদ্বেগের ছিল, তবে এখন আমি সেখানেই আছি যেখানে থাকতে চেয়েছিলাম।"

ম্যাচে ৭০ শতাংশ সময় বল দখলে রেখে বিলবাওয়ের গোল অভিমুখে ২২টি শট নেয় বার্সেলোনা, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে সফরকারীদের পাঁচটি শটের একটিও লক্ষ্যে ছিল না। বিলবাও গোলরক্ষক উনাই সিমন একাই আটটি সেভ না করলে হারের ব্যবধান আরও বড় হতে পারত। এ ছাড়া রাফিনিয়া ও লামিন ইয়ামালের দুটি শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়।

ম্যাচের ৩৭তম মিনিটে পেদ্রির দেওয়া চমৎকার পাস থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। লা লিগায় দুই ম্যাচে এটি তার তৃতীয় গোল। এরপর ৮২তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ভুল কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান বদলি নামা ফারমিন লোপেজ।

এই জয়ের পর দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

এসএইচ 

Link copied!