ছবি: প্রতিনিধি
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহীতে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকায় তাঁর নাম প্রকাশের পর থেকেই নগরের বিভিন্ন এলাকায় উল্লাস, মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। দলমত নির্বিশেষে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর পর রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরের বিভিন্ন সড়কে মিছিল করেন।
রাজশাহীর অনেকের কাছে মিজানুর রহমান মিনু কেবল একজন রাজনীতিক নন, আধুনিক রাজশাহীর রূপকার হিসেবেই পরিচিত। স্থানীয়দের আশা, মেয়র থাকাকালে নগর উন্নয়নে যে ভূমিকা রেখেছিলেন, ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে তিনি সারা দেশে ভূমিসেবা ব্যবস্থায় শৃঙ্খলা আনতে পারবেন।
খবর ছড়িয়ে পড়ার পর নগরের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করা হয়। শুধু দলীয় নেতাকর্মী নয়, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝেও মিষ্টি দেওয়া হয়। নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের মূল্যায়ন হয়েছে তাঁকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে।
অনেকে মনে করছেন, রাজশাহীর দীর্ঘদিনের ঝুলে থাকা ভূমিসংক্রান্ত জটিলতা, চরাঞ্চলের জমি সমস্যা এবং ভূমি স্বত্ব নিয়ে মানুষের দাবি পূরণে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিনু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে রাজশাহীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ দেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে রাজশাহীসহ দেশের উন্নয়নে নতুন গতি আসবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :