ছবি: প্রতিনিধি
নতুন সরকারের মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনে বিএনপি থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। স্বাধীনতার পর এই আসন থেকে প্রথমবার প্রতিমন্ত্রী পাওয়ায় এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
মঙ্গলবার বিকেলে তাঁর প্রতিমন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ভারতীয় সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলাজুড়ে উচ্ছ্বাস দেখা যায়। দলীয় নির্দেশনায় প্রকাশ্য আনন্দ মিছিল না হলেও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শুধু দুই উপজেলাই নয়, পুরো নেত্রকোনাজুড়েই এ খবরে সন্তোষ প্রকাশ করছেন স্থানীয়রা। তাঁকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন অনেকে।
স্থানীয়দের মতে, পর্যটন সম্ভাবনাময় হলেও দুর্গাপুর–কলমাকান্দা দীর্ঘদিন অবহেলিত ছিল। এলাকায় হিন্দু ও মুসলমানের পাশাপাশি গারো, হাজং ও খ্রিস্টান সম্প্রদায়ের বহু মানুষ বসবাস করেন। কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগব্যবস্থা এখনো দুর্বল। সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ও চোরাচালান সমস্যাও রয়েছে।
সচেতন মহলের ধারণা, ব্যারিস্টার কায়সার কামাল প্রতিমন্ত্রী হওয়ায় ভূমি জটিলতাসহ নানা সমস্যার সমাধানে নতুন সুযোগ তৈরি হবে। এতে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হওয়ার আশা করছেন স্থানীয়রা।
এসএইচ
আপনার মতামত লিখুন :