রাজবাড়ী পৌরশহরে দিনদুপুরে জাহিদ হাসান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকার ভিপি ফরিদ সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহত জাহিদ ওই এলাকার মাহাতাব ফকীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে খাবার খেয়ে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একই সড়কের সাহেব আলী ওরফে মনোর দোকানে যান জাহিদ। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবার জানায়, প্রায় চার বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন জাহিদ। এরপর বাড়িতেই থাকতেন এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের সদস্যদের দাবি, তার সঙ্গে কারও প্রকাশ্য বিরোধের কথা তারা জানতেন না। তবে আগের দিন দুই ব্যক্তি পাওনা টাকা নিয়ে বাড়িতে এসে কথা কাটাকাটি করেছিল বলে তারা পরে জানতে পারেন।
নিহতের বাবা মাহাতাব ফকীর ছেলের হত্যার বিচার দাবি করেছেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুর ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই জাহিদের মৃত্যু হয়েছিল এবং তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :