ব্যাংক থেকে পেনশন তোলার সময় ৩ লাখ টাকা ছিনতাই

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:২৩ পিএম
ব্যাংক থেকে পেনশন তোলার সময় ৩ লাখ টাকা ছিনতাই

ছবি: প্রতিনিধি

পাবনা পাবনা থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মনিরুল ইসলাম (৭০) ব্যাংক থেকে পেনশনের তিন লাখ টাকা তুলে বের হচ্ছিলেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সোনালী ব্যাংক প্রধান শাখায় এ সময় এক অজ্ঞাত ব্যক্তি ‘পিঠে ময়লা লেগেছে’ বলে তাকে ওয়াশরুমে যেতে বলে। সরল বিশ্বাসে মনিরুল ইসলাম ওয়াশরুমে গেলে ছিনতাইকারী কৌশলে তার ব্যাগ থেকে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী মনিরুল ইসলাম জানান, টাকা তোলার পর হঠাৎ একজন ব্যক্তি তাকে ভেতরে পরিস্কার হওয়ার জন্য ডেকে নেন। হাত ধোয়ার সময় সুযোগ বুঝে তার ব্যাগ থেকে টাকা নিয়ে চোর পালিয়ে যায়। তিনি চোর চোর বলে ধাওয়া দিলেও ব্যাংকের কর্মচারী, গেটে থাকা আনসার সদস্য কিংবা দায়িত্বরত পুলিশ কেউ এগিয়ে আসেননি।

ঘটনার পর সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে দেখা যায়, চার সদস্যের একটি ছিনতাইকারী চক্র টাকার বান্ডিল হাতে দ্রুত ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছে। বিষয়টি পাবনা সদর থানায় জানানো হয়েছে।

ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তা কামরুজ্জামান জানান, মনিরুল ইসলাম চিৎকার শুরু করলে চেষ্টা করলে ব্যাংক কর্মচারীরা বিষয়টি দ্রুত ধরতে পারতেন। পুলিশ সদস্যও বলেন, ধাওয়া দেওয়ার সময় ছিনতাইকারী পালিয়ে গিয়েছিল।

সোনালী ব্যাংক পাবনা প্রধান শাখার শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ‘আমি রোববারই যোগদান করেছি। সিসিটিভি দেখে পুলিশকে জানিয়েছি। আইনগত ব্যবস্থা তারা নেবেন।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন জানান, ‘ডিবি পুলিশ ও সদর থানা যৌথভাবে তদন্ত করছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। দ্রুত ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।’

এসএইচ 
 

Link copied!