ছবি: প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান বাগেরহাটের কৃতি সন্তান আলী হোসেন ফকিরকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে বাগেরহাট জেলার সদর থানাধীন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বি.কম অনার্স, এম.কম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগ দেন।
কর্মজীবনে তিনি ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার, পুলিশ সুপার হিসেবে নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলায়, কমান্ড্যান্ট আরআরএফ সিলেট এবং অধিনায়ক হিসেবে ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের দায়িত্ব পালন করেছেন।
আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের হয়ে কসোভো ও আইভরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও সরকারি কাজে অংশগ্রহণ করেছেন। এছাড়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত।
পারিবারিক জীবনে তাঁর সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স বিভাগের প্রধান। তাদের এক ছেলে ও এক কন্যা রয়েছে। ছেলে কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কন্যা বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন।
খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক থাকাকালীন ২০২২ সালের নভেম্বরে আলী হোসেন ফকিরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান। এরপর পদোন্নতি পেয়ে প্রথমে উপ-মহাপরিদর্শক, পরে ২০২৫ সালের আগস্টে অতিরিক্ত আইজিপি হন।
আইজিপি হিসেবে সবশেষ দায়িত্ব পালন করা বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন তিনি। আলী হোসেন ফকিরের আইজিপি হওয়ার খবরে বাগেরহাটবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :