ছবি: প্রতিনিধি
আদিবাসীসহ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। শনিবার (৭ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উচ্চ আদালতের আইনজীবী ও ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট প্রভাত টুডু বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী ও সংখ্যালঘুরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নির্বাচন এলেই তাদের ওপর নানাভাবে চাপ, ভয়ভীতি ও হয়রানির অভিযোগ উঠে আসে, যা গণতন্ত্রের জন্য হুমকি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠী যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয় সংখ্যালঘু জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ আদিবাসী সংগঠনের সভাপতি হিংও মুরমু, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি কর্ণেলিউশ মুরমু, রাজশাহী মহানগর সভাপতি সুমি মুরমু, সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, কোল নেত্রী রুমালী মুরমু, বাজোয়াড় নেত্রী কুটিল্য রাজোয়াড় ও আদিবাসী নেত্রী মনিকা মুরমু প্রমুখ।
এসএইচ







































