ছবি: প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমের সম্পর্কের সুবাদে দেখা করতে এসে এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দিনগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এই বর্বরতার ঘটনা ঘটে।
গ্রেপ্তার তিন যুবক হলেন-কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) এবং এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কের টানেই শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ার কাশিপুরে আসেন ওই তরুণী। পরে তাঁকে কৌশলে গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
ঘটনাটি জানার পরপরই রাতেই অভিযানে নামে পুলিশ। রোববার ( ভোররাতে কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ওই তিন যুবককে আটক করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সজল সরকার জানান, তরুণীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে এবং থানায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং আইনগত সব প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এসএইচ







































