• ঢাকা
  • বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ আটক ৩


পাবনা প্রতিনিধি ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৩১ পিএম
পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতের সময়ে ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়া ও দিয়ারবাঘইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন ঝলাকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের শাহীন হোসেন (২০), ঈশ্বরদী উপজেলার দিয়ারবাঘইল গ্রামের হযরত প্রামানিক (৪৭) এবং মানিকনগর পশ্চিমপাড়া গ্রামের মমিনুল ইসলাম খোকন (৩৩)।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, নির্বাচনকে সামনে রেখে জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ এলাকা থেকে শাহীন ও হযরতকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী খোকনকে মানিকনগর এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি সচল সেমি অটোমেটিক সেলফ লোডেড রাইফেল (৬৭ রাউন্ড), একটি বিদেশি ২২ বোর রাইফেলসহ ম্যাগাজিন ও কার্তুজ, একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, একটি সচল ৯ এমএম পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ, একটি সচল ৭.৬৫ এমএম পিস্তল ও ১০ রাউন্ড কার্তুজ এবং ৩১ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ।

পুলিশ জানায়, আটককৃতরা পাবনার চিহ্নিত ভাড়াটে সন্ত্রাসী। যাদের পেছনে রয়েছে নেপথ্য সন্ত্রাসীরা, তাদেরকেও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আটককৃতরা জেলহাজতে পাঠানো হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!