• ঢাকা
  • শনিবার, ০৮ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. রাসকিন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৮, ২০২৬, ০৯:০৮ পিএম
মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. রাসকিন

মানবতার সেবায় অসামান্য অবদান রাখায় ২০২৫-২০২৬ সালের জন্য আন্তর্জাতিক রোটারির এভিনিউ অব সার্ভিস পদক পেয়েছেন দেশের প্রথম ক্যান্সার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

শনিবার বিকেলে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে রোটারি জেলা ৬৪ ও ৬৫-এর যৌথ মেম্বারশিপ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হয়।

রোটারি ইন্টারন্যাশনালের পক্ষে পদকটি হস্তান্তর করেন কান্ট্রি কোঅর্ডিনেটর ও সাবেক গভর্নর ইশতিয়াক আবিদুজ্জামান। এ বছর বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৬৪ ও ডিস্ট্রিক্ট ৬৫ থেকে পাঁচজন করে মোট ১০ জন এই সম্মাননা পেয়েছেন।

সম্মাননাপ্রাপ্ত ডা. রাসকিন দীর্ঘদিন ধরে নিবেদিতপ্রাণ রোটারিয়ান হিসেবে কাজ করছেন। তিনি পূর্বে ক্লাব প্রেসিডেন্ট, সহকারী গভর্নর, জেলা ক্যান্সার কমিটির চেয়ারম্যান ও ডেপুটি কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা ৬৪-এর প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে কাজ করছেন।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে ৩০ বছর বিভিন্ন পদে সেবা দেওয়ার পর অধ্যাপক হিসেবে অবসর নেন তিনি। বর্তমানে প্রকল্প সমন্বয়কারী হিসেবে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দিনাজপুরের বেগম খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল প্রকল্পের অবৈতনিক উপদেষ্টা হিসেবেও তিনি যুক্ত রয়েছেন।

বর্তমানে ডা. রাসকিন বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং ও অসচ্ছল রোগীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

এসএইচ/এম

Link copied!