ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে প্রতিদ্বন্দ্বী অন্য দলের প্রার্থীকে সহযোগিতা করায় বিএনপির তিন নেতাকে আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেনের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় এবং অন্য দলের প্রার্থীর সহযোগিতা করায় তাদের পদ-পদবিসহ বহিষ্কার করা হলো।
বহিষ্কৃত নেতাদের মধ্যে আছেন গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. জামাল মোল্লা এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদ বেপারী।
উজিরপুর বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন জানিয়েছেন, বহিষ্কারের কাগজ প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপি সূত্র বলেছে, বহিষ্কৃত তিন নেতা দলীয় প্রার্থীর পক্ষে না থেকে একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। হারুন দফাদার জানিয়েছেন, এ সংক্রান্ত কোনো কাগজ এখনও হাতে পাননি।
এসএইচ





































