ছবি : প্রতিনিধি
রাজশাহী: রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে এ ঘটনা ঘটে। কয়েকজন দুর্বৃত্ত বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি শাহরিয়ার আলমের বাড়ির সামনে আসে। পরে তারা বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে বাড়ির বিভিন্ন স্থানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাদের চলে যাওয়ার পর স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
চকসিংগা গ্রামের স্থানীয় হলুদ ব্যবসায়ী শামসুল ইসলাম জানান, পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়। পরে স্থানীয় বাসিন্দারা মিলে আগুন নেভান। হামলাকারীদের কাউকেই স্থানীয় বলে মনে হয়নি। তাদের বহিরাগত বলে ধারণা হচ্ছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে পুলিশ তেমন কিছু পায়নি। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা চলে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি একই বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর থেকে বাড়িটিতে আর কেউ বসবাস করছেন না। দীর্ঘদিন পর আবারও বাড়িটিতে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
পিএস







































