ছবি : প্রতিনিধি
বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপির নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কামাল সরদার ওই এলাকায় ওয়ার্ড বিএনপির কার্যালয়টি উদ্বোধন করেন। শনিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্য একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতা মো. কামাল সরদার বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রাতের অন্ধকারে দলীয় কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচুর রহমান ঘরামী জানান, রাত দেড়টার দিকে ওই এলাকা দিয়ে একটি মোটরসাইকেল যেতে দেখেন তিনি। এর কিছুক্ষণ পরই বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান।
ঘটনার খবর পেয়ে রোববার সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, বাদামতলা এলাকায় ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পিএস







































