ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলযোগে ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে গণপিটুনিতে রিদয় (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রাজশাহীর নুরুল হুদার ছেলে। সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া থাকতেন।
রোববার (৮ মার্চ) ভোর ৬টার দিকে জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল রেখে নিহতের সঙ্গে থাকা আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী এসে ধারালো অস্ত্রের মুখে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দিলে দুজন পালিয়ে যায়। তবে একজনকে আটক করতে সক্ষম হন তারা। পরে ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। নিহতের কাছে একটি ছুরি ও একটি চাপাতি পাওয়া গেছে।
এসএইচ







































