প্রতীকী ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোছা. রুবিনা বেগম (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের ফরিদ শেখের স্ত্রী ও আলম সরদারের মেয়ে।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ভীমনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর একটি নষ্ট মোবাইল ফোন মেরামত করা নিয়ে সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার স্বামী ঘর থেকে বাইরে চলে গেলে অভিমান করে রুবিনা বেগম নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
পরে তার শাশুড়ি ফরিদা বেগম ঘরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ওড়না কেটে তাকে নিচে নামান এবং দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, ভীমনগর গ্রামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএইচ







































