• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরিবার থেকে ‘ত্যাজ্য’ হয়েও ছাত্রলীগ করার ঘোষণা ছোটনের


নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৬, ০৮:৫১ পিএম
পরিবার থেকে ‘ত্যাজ্য’ হয়েও ছাত্রলীগ করার ঘোষণা ছোটনের

ফাইল ছবি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করায় অ্যাফিডেভিটের মাধ্যমে ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করেছেন নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকার মীর মো. আব্দুল মালেক। তার ছেলে মীর মো. সাজেদুর রহমান ছোটন কৈশোর থেকেই পারিবারিক নীতি থেকে বিচ্যুত হয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

গত ৬ মার্চ নেত্রকোনা জেলা নোটারি পাবলিক কার্যালয়ে ছোটনকে ত্যাজ্য করে আব্দুল মালেক একটি অ্যাফিডেভিট (নং ৩১০) করেন। অ্যাফিডেভিটে তিনি উল্লেখ করেছেন, পরিবার ও আত্মীয়স্বজনের অধিকাংশ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক মতবিরোধ এবং বিভিন্ন সময়ে ছেলের দাবি–দাওয়া আদায়ে অসদাচরণের কারণে দীর্ঘদিন ধরে সম্পর্ক তিক্ত ছিল। এছাড়াও, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরও ছেলে ছোটন তার নিষেধ উপেক্ষা করে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

অ্যাফিডেভিটে বলা হয়েছে, ভবিষ্যতে ছেলে কোনো বেআইনি কাজে জড়িত থাকলে তার দায়–দায়িত্ব তিনি নেবেন না। নেত্রকোনা জেলা জজ আদালতের আইনজীবী মো. আজিজুল হকের মাধ্যমে এ অ্যাফিডেভিটটি সম্পন্ন করা হয়।

এ বিষয়ে মীর মো. আব্দুল মালেক বলেন, “আমাকে এ কাজ করতে বাধ্য করা হয়েছে। তাকে রাজনীতি থেকে ফেরাতে পারিনি। তাই তার মঙ্গলের জন্যই তাকে ত্যাজ্যপুত্র করেছি।”

অ্যাফিডেভিটে নাম উল্লেখিত ছেলে ছোটন বলেন, “আমি প্রায় ৩ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, কারণ তারা সবাই বিএনপি করেন। আমার বড় ভাইও সাবেক ছাত্রদল নেতা। আমি ছাত্রলীগ করি বলে গত আগস্ট মাসেও ফেসবুকে বাবা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। এখন দেখলাম, আমাকে ত্যাজ্যপুত্র করেছে। তাতেও আমার দুঃখ নেই, আমি ছাত্রলীগ করব।”

এসএইচ
 

Wordbridge School
Link copied!