• ঢাকা
  • সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরিত্যক্ত ট্যাংকিতে পড়ে থাকা ৩ বিড়ালছানা ফিরল মায়ের কাছে


নাটোর প্রতিনিধি এপ্রিল ৬, ২০২৬, ০৬:১৪ পিএম
পরিত্যক্ত ট্যাংকিতে পড়ে থাকা ৩ বিড়ালছানা ফিরল মায়ের কাছে

ছবি : প্রতিনিধি

নাটোর: নাটোর শহরে পরিত্যক্ত পানির ট্যাংকিতে পড়ে থাকা তিনটি বিড়াল ছানাকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। টানা তিন দিন নিখোঁজ থাকার পর জীবিত অবস্থায় ছানাগুলো উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

ঘটনাটি নাটোর শহরের কানাইখালী চালপট্টি সড়কের হাবিবুর রহমানের বাড়িতে। জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে বাড়ির সিঁড়ির নিচে একটি বিড়াল তিনটি ছানা দেয়। তবে তিন দিন আগে থেকে হঠাৎ করেই ছানাগুলো নিখোঁজ হয়ে যায়। এ সময় মা বিড়ালটি খাওয়া-দাওয়া ছেড়ে সারাক্ষণ ছানাদের খুঁজে বেড়াতে থাকে।

রোববার রাত সাড়ে আটটার দিকে হাবিবুর রহমানের নাতি সাকিব হোসেন বাড়ির সিঁড়ির নিচে থাকা একটি পরিত্যক্ত পানির ট্যাংকির ভেতর থেকে ছানাগুলোর শব্দ পেয়ে বিষয়টি বুঝতে পারেন। পরে পরিবারের সদস্যরা নিজেরা উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল কর্মকর্তা আবদুর রউফের নেতৃত্বে রাত নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তারা ট্যাংকির ভেতর থেকে জীবিত অবস্থায় তিনটি বিড়ালছানাকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেন।

উদ্ধারের পর ক্ষুধার্ত ছানাগুলো সঙ্গে সঙ্গে মায়ের দুধ পান করতে শুরু করলে উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হয়েছে।

বাড়ির মালিক হাবিবুর রহমান জানান, প্রায় ১০ ফুট গভীর ওই ট্যাংকির মুখ সরু হওয়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। ঢাকনার ফাঁক দিয়ে ছানাগুলো ভেতরে পড়ে যায়। এমনকি মা বিড়ালটিও ছানাদের কাছে থাকতে ট্যাংকের ভেতরে নেমে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুর রউফ বলেন, “প্রাণীদেরও জীবন আছে। মা ও ছানাগুলোকে জীবিত উদ্ধার করতে পেরে আমরা আনন্দিত।”

পিএস

Wordbridge School
Link copied!