ফাইল ছবি
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ভারত এবং শিগগিরই ভিসা কার্যক্রম স্বাভাবিক করার কথাও জানিয়েছে দেশটি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, দেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত নতুন করে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ দেখিয়েছে। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, জনগণের যাতায়াত ও চিকিৎসা সংক্রান্ত ভিসা সহজীকরণের বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে ভারত।
প্রতিমন্ত্রী জানান, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। বিশেষ করে মেডিকেল ভিসাসহ বিভিন্ন ক্ষেত্রে সহজীকরণের উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যাতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আগের মতো স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, বাংলাদেশও চায় বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে। তবে মানব পাচারের সঙ্গে জড়িত চক্রগুলোর কারণে বিভিন্ন দেশে সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব অসাধু চক্র মানুষের জীবন ঝুঁকিতে ফেলে নিজেদের লাভবান হচ্ছে, যা বন্ধে সরকার কাজ করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ের টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক নতুন করে গতি পেতে পারে এবং ভিসা সহজীকরণ সেই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে।
এসএইচ







































