• ঢাকা
  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নতুন ৭ শিশু ভর্তি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬, ০৬:২৬ পিএম
রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নতুন ৭ শিশু ভর্তি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর হাসপাতাল-এ নতুন করে ৭ জন শিশুকে ভর্তি করা হয়েছে। এতে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

সোমবার বেলা ১১টার দিকে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়। সংশ্লিষ্টদের মতে, সারাদেশের মতো রাজবাড়ীতেও হামের প্রকোপ বাড়ছে।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৭ জন নতুন রোগী ভর্তি হওয়ার পাশাপাশি একই সময়ে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে ১২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় ৪ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। এ ছাড়া মোট ১১০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে, যার মধ্যে ৪৪ জন ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেছে।

ঢালার চর এলাকার এক শিশুর মা নাজমা বেগম বলেন, মেয়ের দীর্ঘদিন জ্বর থাকায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বর্তমানে জ্বর না থাকলেও অন্যান্য রোগীর সঙ্গে একই ওয়ার্ডে থাকায় তিনি উদ্বিগ্ন।

আরেক অভিভাবক মিষ্টি বেগম জানান, তার ছেলেও জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। এখন অবস্থার উন্নতি হলেও বিভিন্ন রোগীর সঙ্গে একই ওয়ার্ডে থাকায় তিনি আলাদা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

চিকিৎসক ও অভিভাবকরা মনে করছেন, হামের মতো সংক্রামক রোগে আক্রান্ত শিশুদের আলাদা ওয়ার্ডে রাখলে সংক্রমণ ঝুঁকি কমবে এবং চিকিৎসা আরও কার্যকর হবে।

এসএইচ 

Link copied!