ফাইল ছবি
ঢাকা: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে। যদিও পে-স্কেলের চূড়ান্ত প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে, তবুও নতুন বেতন কাঠামো জুলাই থেকেই কার্যকর করার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের পুনর্গঠিত কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নতুন পে-স্কেল বাস্তবায়নের আর্থিক চাপ মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার বিষয়েও সম্মতি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় সরকার নবম পে-স্কেল বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। বৈঠকে জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির প্রতিবেদনের ওপর আলোচনা হয়। তিনটি প্রতিবেদনের মধ্যে দুটির ওপর বিস্তারিত পর্যালোচনা সম্পন্ন হয়েছে, বাকি প্রতিবেদনটি পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পে-স্কেল বাস্তবায়নের পুরো প্রক্রিয়াটি শতভাগ বাস্তবসম্মত ও ত্রুটিমুক্ত করতে আরও কয়েকটি বৈঠক প্রয়োজন হতে পারে। তবে এতে কার্যকারিতার সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পে-স্কেল ১ জুলাই থেকেই কার্যকর ধরা হবে।
সূত্রমতে, নতুন পে-স্কেলের জন্য আসন্ন জাতীয় বাজেটে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ রাখা হচ্ছে। ফলে আগস্ট বা সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হলেও সরকারি কর্মচারীরা ১ জুলাই থেকে বকেয়াসহ নতুন বেতন-ভাতার সুবিধা পাবেন।
এদিকে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও রাজস্ব সক্ষমতা বিবেচনায় নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম বছরে মূল বেতন বৃদ্ধির ৫০ শতাংশ, দ্বিতীয় বছরে বাকি ৫০ শতাংশ এবং তৃতীয় বছর থেকে ভাতা ও অন্যান্য সুবিধা পুরোপুরি কার্যকর করা হবে।
সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতোমধ্যে নতুন পে-স্কেল নিয়ে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা; এরপরই দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী নবম জাতীয় পে-স্কেলের আওতায় আসবেন।
পিএস







































