• ঢাকা
  • শুক্রবার, ২৯ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে স্কেলে থাকছে বড় চমক


নিজস্ব প্রতিবেদক মে ২৯, ২০২৬, ০৩:৪৭ পিএম
পে স্কেলে থাকছে বড় চমক

ফাইল ছবি

ঢাকা: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো। নতুন এই পে স্কেলে থাকছে একাধিক বড় চমক, বিশেষ করে নিম্ন আয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাড়তি সুবিধা ও পেনশন বৃদ্ধির বিশেষ উদ্যোগ।

সরকারি সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোতে উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্নস্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমিয়ে আনতে বিভিন্ন গ্রেডের মধ্যে পার্থক্যও উল্লেখযোগ্যভাবে হ্রাস করার প্রস্তাব রাখা হয়েছে।

গত ২১ মে সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে নবম জাতীয় পে স্কেলের খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সরকারি প্রশাসন, শিক্ষক, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগসহ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত কাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

এবারের পে স্কেলের অন্যতম বড় চমক হচ্ছে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধা। বিশেষ করে যেসব পেনশনার বর্তমানে ২০ হাজার টাকার কম পেনশন পাচ্ছেন, তাদের পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। ফলে নিম্ন আয়ের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও আলাদা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যাতে তারাও নতুন পে স্কেলের সুবিধা সমভাবে ভোগ করতে পারেন।

সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো আগামী ১ জুলাইয়ের মধ্যে নতুন পে স্কেল সম্পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে জোরেশোরে কাজ করছে। নতুন এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পিএস

Link copied!