ছবি: প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।
অভিযানে জানা যায়, ফিলিং স্টেশনটি পেট্রোল, অকটেন ও ডিজেল মজুদ থাকলেও সকাল থেকে বিক্রি বন্ধ রেখে ‘জ্বালানি নেই’ লেখা স্টিকার ঝুলিয়ে রাখে। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাম্পে পেট্রোল ৩২৬৯ লিটার, অকটেন ১৪৬ লিটার এবং ডিজেল ৫৭৭ লিটার মজুদ থাকার সত্যতা পায়।
এ অপরাধে স্টেশনের স্টাফ অভিজিৎ এক্কাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে মজুদকৃত জ্বালানি দ্রুত বিক্রির নির্দেশ দেওয়া হয়।
অভিযান চলাকালে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা আইসিটি কর্মকর্তা জাহেদুল ইসলামকে অনুপস্থিত পাওয়া যায় বলে জানা গেছে।
ফিলিং স্টেশনটির মালিক মোস্তাফিজুর রহমান। তিনি রাজশাহীর বহরমপুর এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ ও রাজশাহীতেও আরও দুটি ফিলিং স্টেশনের মালিক বলে জানা গেছে।
এসএইচ







































