ছবি : প্রতিনিধি
রংপুর: আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে আমির ডাঃ মোঃ শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর যে দুটি উপনির্বাচন হয়েছে তার চিত্র দেখেই শঙ্কিত তার দল। এসময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তিনি।
শুক্রবার সন্ধায় রংপুর নগরীর শিল্পকলা একাডেমিতে জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রবেশের আগে সাংবাদিকদের এসব কথা বলেন শফিকুর রহমান।
জামায়াত আমীর বলেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে আমেরিকার সাথে চুক্তির বিষয়ে তৎকালীন সরকার জামায়েতকে কিছু জানায়নি। তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দলের সমন্বয়ে কোন কাজ হলে জনগণের মধ্যে আস্থা ফিরবে। জামায়াত আমীর বলেন, সংসদ হবে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সংসদে আর চরিত্র হনন করতে দেয়া হবে না।
জামায়াতে আমীর আরও বলেন, “জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে—এটা কেউ আগে মনে করতেন না। এখন অনেকেই সেটা মানেন উল্লেখ করে নেতাকর্মীদের লেনদেন ও আচার-আচরণে আরও সতর্ক থাকার আহ্বান জানান।”
ডা. শফিকুর রহমান বলেন,“জনগণের যেদিন আস্থা তৈরি হবে যে, আমাদের কাছে দেশ, জাতি, দ্বীন নিরাপদ; সেদিন আল্লাহর মেহেরবানীতে দেখবেন সব ঘাট এক জায়গায় মিলে যাবে। সব নদী এক মোহনায় এসে একটা সমুদ্র তৈরি করবে। এই কাজটা আপনাকে আমাকে করতে হবে। আমাদের লেনদেন, আচার-আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে।
এখানে জনগণের কল্যাণে কথা বলার আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, রংপুর অঞ্চলকে অগ্রাহ্য করে বাংলাদেশ এগিয়ে যাবে তা কখনই সম্ভব নয়। তাই তিস্তা চুক্তির বিষয়ে সর্বদা আন্তরিক থাকবে তার দল। একইসঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “দুইটা সার্চ লাইট তাক করা আছে এখন আপনাদের দিকে। একটি আল্লাহ তাআলার, আর একটি জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে। সে-ই সাথে সাদা কাপড় যারা পরেন, তারা খুবই সতর্ক থাকে যে, যেন কোন দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি: দৃশ্যমান হয় বেশি। আপনারা সাদা কাপড়। দাগ লাগলে খবর আছে কিন্তু।”
দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয় নেতা ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল পরিচালনা কমিটির সদস্য ও রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপিসহ নেতারা বক্তব্য দেন।
এর আগে সকাল ৯টায় একদিনের সফরে রংপুর আসেন জামায়াত আমির। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আমির সম্মেলনে যোগ দেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধনের পর বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
পিএস







































