• ঢাকা
  • সোমবার, ১৮ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে হারানো ২৫টি মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর 


পিরোজপুর প্রতিনিধি মে ১৮, ২০২৬, ০২:০৯ পিএম
পিরোজপুরে হারানো ২৫টি মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর 

ছবি : প্রতিনিধি

পিরোজপুর: পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

এসময় পুলিশ সুপার জানান, জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা বিশেষ অভিযান পরিচালনা করে মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়। জেলার বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে পিরোজপুর সদর থানা এলাকা থেকে ১টি, জিয়ানগর থানা থেকে ৩টি, মঠবাড়িয়া থানা থেকে ১০টি, নাজিরপুর থানা থেকে ৮টি, নেছারাবাদ থানা থেকে ২টি এবং ভান্ডারিয়া থানা থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, বর্তমানে মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিংকেন্দ্রিক অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের সাইবার টিম গুরুত্বসহকারে কাজ করছে। তিনি সাধারণ মানুষকে অপরিচিত নম্বরে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানান। পাশাপাশি প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, “জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। হারানো মোবাইল উদ্ধারসহ সাইবার অপরাধ দমনে আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা আইসিটি শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ আইসিটি শাখার সদস্যরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!