• ঢাকা
  • সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সারাদেশে ৬০০ মডেল স্কুল-কলেজ প্রতিষ্ঠা করবে সরকার  


বাসস নভেম্বর ২৩, ২০২৬, ১১:১১ এএম
সারাদেশে ৬০০ মডেল স্কুল-কলেজ প্রতিষ্ঠা করবে সরকার  

প্রতীকী ছবি

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন এবং শহর-গ্রামের শিক্ষার সুযোগের বৈষম্য কমাতে সারাদেশে ৬০০টি আধুনিক মডেল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ৬৮ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। দেশের ৩০০টি সংসদীয় আসনের প্রতিটিতে একটি ছেলেদের এবং একটি মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব রয়েছে।

‘বাংলাদেশের নির্বাচিত এলাকায় ৬০০টি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা’ শীর্ষক প্রাথমিক প্রকল্প প্রস্তাবের (পিডিপিপি) লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত, চর, হাওর ও পাহাড়ি এলাকাসহ সব অঞ্চলে মানসম্মত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা। প্রযুক্তিনির্ভর, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চায় সরকার।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছরে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৬৮ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে সরকার নিজস্ব অর্থায়নে ২০ হাজার ৫২০ কোটি টাকা বা মোট ব্যয়ের ৩০ শতাংশ জোগান দেবে। বাকি ৪৭ হাজার ৮৮০ কোটি টাকা বা ৭০ শতাংশ উন্নয়ন সহযোগীদের ঋণ ও অনুদান থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা কমিশনের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নীতিগত অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় অর্থায়নের বিষয়ে পদক্ষেপ নিতে প্রকল্প প্রস্তাবটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো যেতে পারে। এরপর ইআরডি সম্ভাব্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে অর্থায়ন নিয়ে আলোচনা করবে।

এ ছাড়া বিস্তারিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বা কারিগরি সহায়তা প্রকল্প প্রস্তাব (টিএপিপি) তৈরির আগে প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা করার সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।

প্রকল্পের সম্ভাব্য অর্থায়নকারী হিসেবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (ইডিসিএফ), ইসলামী উন্নয়ন ব্যাংক এবং জাতিসংঘের ইউনেস্কো ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার নাম প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। ঋণ ও অনুদানের সমন্বয়ে বৈদেশিক অর্থায়নের কাঠামো চূড়ান্ত করা হবে। তবে অর্থায়নের পরিমাণ ও ধরন নির্ভর করবে উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনার ওপর।

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় এখনো এটি অন্তর্ভুক্ত হয়নি। উন্নয়ন সহযোগীদের ইতিবাচক সাড়া পাওয়া গেলে সম্ভাব্যতা সমীক্ষা এবং ডিপিপি বা টিএপিপি প্রণয়নের পর বৈদেশিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পটি সংশ্লিষ্ট তালিকায় অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে বলে পরিকল্পনা কমিশনের মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের আর্থ-সামাজিক অবকাঠামো উইংয়ের অতিরিক্ত সচিব রাহনুমা নাহিদ জানান, ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে নতুন প্রকল্প হিসেবে অন্তর্ভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রাথমিক প্রকল্প প্রস্তাবটি কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটির বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ে সম্ভাব্যতা সমীক্ষাও করা হবে।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানের ব্যবস্থা থাকবে। প্রতিটি প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে ১ হাজার থেকে ১ হাজার ১০০ শিক্ষার্থী ভর্তির সক্ষমতা রাখার পরিকল্পনা করা হয়েছে। সে হিসাবে ৬০০টি প্রতিষ্ঠান পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাবে। এর মধ্যে তিন লাখ ছাত্রী ও তিন লাখ ছাত্র থাকবে।

প্রতিটি প্রতিষ্ঠানে আধুনিক একাডেমিক ভবন, প্রশাসনিক ও শিক্ষক ভবন, বিজ্ঞানাগার, বিজ্ঞান-প্রযুক্তি-প্রকৌশল-গণিত (স্টেম), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি সুবিধা, কম্পিউটার ও ভাষা শিক্ষার ল্যাব, গ্রন্থাগার এবং ডিজিটাল লার্নিং সেন্টার গড়ে তোলার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া থাকবে মিলনায়তন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ, মসজিদ, চিকিৎসা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, কেন্দ্রীয় রান্নাঘর ও খাবার ঘর, খেলার মাঠ, ক্রীড়া সুবিধা এবং সুইমিংপুল। দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি প্রতিষ্ঠানে ১০০ আসনের আবাসিক হোস্টেল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান বাড়াতে ক্যারিয়ার গাইডেন্স, বিজ্ঞান ক্লাব, বিতর্ক, চারুকলা, ভাষা শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের জন্য আলাদা জায়গা রাখার প্রস্তাব করা হয়েছে।

মেয়েদের শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে ৩০০টি স্বতন্ত্র বালিকা শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এসব প্রতিষ্ঠানে নিরাপদ ও পৃথক স্যানিটেশন ব্যবস্থা, কমনরুম এবং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাসংক্রান্ত সুবিধা থাকবে। বিশেষ করে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়টিও এতে গুরুত্ব পাবে।

প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্যও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সহজগম্য করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে র‌্যাম্প, লিফট, প্রতিবন্ধীবান্ধব শৌচাগার এবং বাধাহীন চলাচলের ব্যবস্থা রাখা হবে।

উন্নত শিক্ষার পরিবেশ, আবাসিক সুবিধা ও পুষ্টিসহায়তা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া কমানো এবং উপস্থিতি ও পড়াশোনায় ধারাবাহিকতা বাড়ানো প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণেও গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, পানি পুনর্ব্যবহার, জ্বালানিসাশ্রয়ী সরঞ্জাম, বর্জ্য পৃথকীকরণ এবং বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আধুনিকভাবে পরিচালনা ও তদারকির জন্য জাতীয় এডুকেশন আইডেন্টিটি (এডু-আইডি) ব্যবস্থা এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) সঙ্গে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি, উপস্থিতি, ঝরে পড়ার হার এবং শিখনফল পর্যবেক্ষণ করা যাবে।

শিক্ষক ও কর্মচারীদের প্রশিক্ষণও প্রকল্পে অগ্রাধিকার পাবে। প্রতিটি প্রতিষ্ঠানে প্রায় ৪৫ জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রশাসন, গবেষণাগার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, গ্রন্থাগার, নার্সিং, পুষ্টি, আবাসিক হোস্টেল এবং অন্যান্য সহায়ক সেবার জন্য প্রয়োজনীয় জনবল রাখা হবে। ৬০০টি প্রতিষ্ঠান পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় ২৭ হাজার শিক্ষকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

প্রকল্পের চূড়ান্ত নকশা ও ব্যয় নির্ধারণের আগে কারিগরি, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সম্ভাব্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছে পরিকল্পনা কমিশন। এ সমীক্ষায় জমির প্রাপ্যতা, স্থান নির্বাচন, নির্মাণমান, অবকাঠামোগত চাহিদা, শিক্ষার্থী ধারণক্ষমতা, পরিবেশ ও সামাজিক সুরক্ষা, জনবল এবং বাস্তবায়ন ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি সংসদীয় এলাকায় আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ বাড়বে। একই সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসার এবং ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এম

Link copied!