• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাথায় কাফনের কাপড় আর অস্ত্র হাতে মহড়া সাবেক ছাত্রদল নেতা বাপ্পীর!


পাবনা প্রতিনিধি  আগস্ট ১৮, ২০২৬, ০৮:৩১ পিএম
মাথায় কাফনের কাপড় আর অস্ত্র হাতে মহড়া সাবেক ছাত্রদল নেতা বাপ্পীর!

ছবি : প্রতিনিধি

পাবনা: মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে জোবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পী’ নামে সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে পাবনার ঈশ্বরদী পৌর সদরে এ ঘটনা ঘটে।

এ সময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

সাবেক ছাত্রদল নেতা বাপ্পির দাবি, তাকে হত্যার হুমকিদাতাদের এবং মাদক ও সুদের কারবারিদের ওপেন চ্যালেঞ্জ দিতে তিনি অস্ত্র হাতে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমেছেন।

সোমবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে ঈশ্বরদী শহর ও থানার প্রধান ফটক এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বাপ্পীর আগ্নেয়াস্ত্র জব্দ করে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

জুবায়ের হোসেন বাপ্পি ঈশ্বরদী শহরের মশুরিয়া পাড়া মহল্লার আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় বিএনপির একটি অংশের সমর্থক। তিনি নিজেকে সাবেক ছাত্রদল নেতা বলে দাবি করেন। কিন্তু কোন পদে ছিলেন তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাথা ও শরীরে সাদা কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শর্টগান নিয়ে শহরে বের হন বাপ্পী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সুলভ মালিথাসহ কয়েকজন।

বাপ্পির দাবি, ঈশ্বরদীর কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়েছে। এ কারণে তিনি হুমকিদাতাদের ওপেন চ্যালেঞ্জ দিয়ে শহরের কলেজ রোডে তার বাড়ি থেকে অস্ত্র হাতে মাথায় কাফনের কাপড় বেঁধে জিরো পয়েন্ট রেলগেটে আসেন। সেখান থেকে সন্ধ্যায় থানায় গিয়ে বলেন, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এ কারণে আমি ওপেন চ্যালেঞ্জ দিতে প্রকাশ্যে রাস্তায় নেমেছি, থানায় এসেছি।

এদিকে জুবায়ের বাপ্পির থানায় থাকার খবর পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি এবং জামায়াত শিবিরের সমর্থকরা থানার সামনে গিয়ে বিক্ষোভ করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, জুবায়ের বাপ্পি প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে আমাকে হত্যার জন্য বকুলের মোড় থেকে রেলগেটে এসে আমাকে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছে। তাঁকে গ্রেপ্তার ও তার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে হবে।

পরে মধ্যরাতে বাপ্পিসহ তার সাথে থাকা ৫ জনকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে সোর্পদ করা হয়। পরে ডিবি পুলিশ পরিবারের কাছে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, মেহেদী হাসানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তাঁর প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রাব্বী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বাপ্পী অস্ত্রের লাইসেন্সের কোনো শর্ত ভঙ্গ করেছেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

পিএস

Link copied!